শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ • ৩ আশ্বিন ১৪৩৩ • ১:৪৯:২৫ PM
|
|
এখন সাইটে সংবাদ পড়ছেন ০ জন
এই খবর পড়ছেন ০ জন

দেশের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি

ফিচার বাংলা
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬ | 04:48 AM | পড়তে সময় ২ মিনিট | মন্তব্য ২

অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

পেশাগত স্বার্থ ও অধিকার রক্ষায় সব বিভাজন ভুলে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গণমাধ্যমকর্মীদের চাকরির নিরাপত্তা, ন্যায্য বেতনকাঠামো ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা না গেলে স্বাধীন, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ গড়ে তোলা কঠিন।

রবিবার দুপুরে বঙ্গভবনে ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম, ঢাকার ৪৪ সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এ আহ্বান জানান তিনি। সংগঠনটির সভাপতি মানিক মুনতাসির ও সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

এসময় রাষ্ট্রপতি বলেন , সত্য প্রকাশে সাংবাদিকদের নির্ভীক ও দায়িত্বশীল হতে হবে এবং অনিয়ম, দুর্নীতি ও অন্যায় জনসমক্ষে তুলে ধরতে হবে। অপসাংবাদিকতা, অপতথ্য এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার প্রতিরোধেও মূলধারার গণমাধ্যম ও পেশাদার সাংবাদিকদের আরও সজাগ থাকতে হবে বলেও জানান তিনি।

রাষ্ট্রপতির সাথে ঠাকুরগাঁও সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ
রাষ্ট্রপতির সাথে ঠাকুরগাঁও সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ

ঢাকায় কর্মরত ঠাকুরগাঁও জেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে রাষ্ট্রপতি ঠাকুরগাঁওয়ের প্রতি তার ভালোবাসা ও মমত্বের কথা তুলে ধরেন। তিনি বলেন, যে শিকড় থেকে তাঁর বেড়ে ওঠা, সেই শিকড়কে তিনি ধরে রাখতে চান।

রাষ্ট্রপতির সাথে ঠাকুরগাঁও সাংবাদিক ফোরামের মতবিনিময়
রাষ্ট্রপতির সাথে ঠাকুরগাঁও সাংবাদিক ফোরামের মতবিনিময়

বিভিন্ন জাতীয় গণমাধ্যমে গুরুত্বপূর্ণ অবস্থানে থেকে দায়িত্ব পালনের জন্য ফোরামের সদস্যদের অভিনন্দন জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর । দেশ ও ঠাকুরগাঁওয়ের উন্নয়নে ইতিবাচক ভূমিকা পালন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে পাশে থাকার জন্য তিনি সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি জেলায় গৃহীত বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের বিষয়ে সজাগ থাকা এবং জেলার সাফল্য ও অর্জনগুলো জাতীয় পর্যায়ে তুলে ধরার জন্য তিনি সংগঠনটির সদস্যদের প্রতি আহ্বান জানান।

পেশাগত বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত এবং সাংবাদিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও প্রয়োজনীয় প্রশিক্ষণ নিশ্চিত করতে সরকারের সহযোগিতা কামনা করেন সংগঠনের সদস্যরা। পাশাপাশি সংগঠনের স্থায়ী কার্যালয় এবং গুরুতর অসুস্থ সদস্যদের জরুরি চিকিৎসার বিষয়েও রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করেন তারা। এবিষয়ে রাষ্ট্রপতি প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন এবং সংগঠনটির সমৃদ্ধি ও সদস্যদের সার্বিক কল্যাণ কামনা করেন।

এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিবসহ বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাঠকের মন্তব্য

২
K
KM Hassan

best wishes

ফ
ফিচার বাংলা লেখক

ধন্যবাদ। ফিচার বাংলার সাথেই থাকুন।

আপনার মতামত জানান

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। মন্তব্য অ্যাডমিনের অনুমোদনের পর প্রকাশিত হবে।

Scroll to Top